Ad 728x90

Monday, March 16, 2026

সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি থানায় জিডি



নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের  রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬) কে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত (১৩মার্চ) সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্নগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪জন সন্ত্রাসী এ হুমকি দেয়।  


অনুসন্ধানের জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুুল হুদা দীর্ঘদিন ধরে জাগো নিউজে সংবাদ পরিবেশন করে আসছেন।  সন্ত্রাসী, চাঁদাবজিসহ অপরাধমূলক সংবাদ প্রচার করায় সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক নাজমুল হুদা অভিযোগ করেছেন। 


এ ব্যাপারে নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিক নাজমুল হুদার এ হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। অবিলম্বে সাংবাদিকের হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানায়। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি অর্ন্তভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না।

Sunday, March 15, 2026

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন



মনিরুজ্জামান অপূর্ব :

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মেলা। নতুন বইয়ের গন্ধ, আড্ডা ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

এবারের বইমেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত “সেরা রাধুনীদের সেরা রেসিপি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইটির লেখকসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনরা।

গ্রন্থটিতে বিভিন্ন রন্ধনশিল্পীর বৈচিত্র্যময় রেসিপি স্থান পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন— নাছরিন আক্তার (কেক আইটেম), রোমানা আফরোজা রিমঝিম (বিফ আইটেম), ফারজানা বাতেন (বিরিয়ানি আইটেম), রাব্বে আরফিনা কোরবান (ফিশ আইটেম), নাবিলা আহমেদ অর্চি (ডেজার্ট আইটেম), মিতা খানম (চিকেন আইটেম), তানিয়া নেওয়াজ (নাস্তা আইটেম), গাজিয়া ফারজানা (পিঠা আইটেম), তারানা ইসলাম (খাসির আইটেম) ও শাম্মি আক্তার (শাক-সবজি আইটেম)।

বইটি হাতে পেয়ে সম্পাদক মিতা খানম, কবি রোমানা আফরোজা রিমঝিম, প্রকাশক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহসহ গ্রন্থটির ১০ জন লেখক তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় তারা বইটির সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশনীর সকল কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tuesday, March 10, 2026

দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

 


নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ করেছে দিয়ামনি ই কমিউনিকেশন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ ও জায়নামাজ এবং নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও স্বপ্নজয়ী সম্মাননা ২০২৬ প্রদান করা হয়।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিরা সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরীদা আক্তার কমান্ডার, ‘হাল ছেড়োনা বন্ধু’ প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন এবং রায়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্ব, সাংবাদিক, ওলামায়ে কেরাম, মাদরাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক, নারী উদ্যোক্তা এবং সংগঠনের সদস্যরা।

দিয়ামনি ই কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। গতানুগতিক প্রথার বাইরে গিয়ে সংগঠনটি উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে “ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ” প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টল মেলা আয়োজন, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন,দিয়া আমার একমাত্র সন্তান ছিল। মহান আল্লাহ তায়ালা আমাদের ১৫ বছর আগে তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আবার তিনিই তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আমার কোনো কষ্ট নেই। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

তিনি আরও বলেন,যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে থাকবে দিয়ামনি ই কমিউনিকেশন। আমার সন্তান দিয়া যেন আমাদের ভালো কাজের মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকে।

এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২জন নারী উদ্যোক্তাকে “স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬” প্রদান করা হয়।

ভাবনা আহমেদ -সিনিয়র নিউজ প্রেজেন্টার, এটিএন বাংলা, 

উজমা হাসান -সিনিয়র নিউজ প্রেজেন্টার এটিএন নিউজ, ক্যামেলিয়া  নিশান-অভিনেত্রী ও নারী উদ্যোক্তা ,ফারহানা তৃনা-সিনিয়র নিউজ প্রেজেন্টার বাংলা ভিশন, বারিশা হক -শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার,রোকসানা নিহা - উদ্যোক্তা ,কাজী ফারহানা স্বত্তাধিকারী ও প্রধান নির্বাহী ফারহানা'স বিউটি স্লিপ

মেকআপ এন্ড হেয়ার কালার এক্সপার্ট।

সম্মাননা প্রদান শেষে সকলের জন্য দোয়া করা হয় ।

Friday, March 6, 2026

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

 



মোঃ মনিরুজ্জামান অপূর্ব :

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে হাফ উইন্ডোর তত্ত্বাবধানে, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে “যুব উদ্যোক্তা মেলা”। 

৬মার্চ (শুক্রবার )সাভার থানা রোডে কিডস ইউভার্সিটি ও ফেয়ার আঞ্জুমান স্কুলে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাদের তালুকদার, সাবেক উপ পরিচালক, 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি,  প্রধান অতিথি 

মোঃ মনিরুজ্জামান অপূর্ব, চেয়ারম্যান-দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল মোড়ল, আয়কর আইনজীবী ও সমন্বয়কারী, রেইজ প্রকল্প, সাস, শাহীন আলম বাপ্পি, ক্রীড়াবিদ ও সমাজসেবক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য যেমন—অর্গানিক খাদ্যপণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী, হস্তশিল্প, পোশাক, মসলা, ঘরোয়া খাবারসহ নানা ধরনের স্টল বসানো হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন এলাকার নারী ও পুরুষ উদ্যোক্তারা।


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দিদারুল ইসলাম দিপু বলেন এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া, দেশীয় পণ্যের প্রচার বৃদ্ধি করা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।

Saturday, January 31, 2026

কাঞ্চনে যুবদল নেতার ঘুষিতে সেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

কাঞ্চনে যুবদল নেতার ঘুষিতে সেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

 

কবির হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটে। এসময় যুবদল নেতার ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, শনিবার দলীয় কর্মসূচীকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন।

এসময় তালিকায় নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহ সভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরানকে মারধর করে।

এসময় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে আজাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Saturday, January 17, 2026

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

 

সাভার প্রতিনিধি 

দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে করে বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে উন্নত করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনা না করলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই নিজেদের দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।


শুক্রবার  (১৬ জানুয়ারী ) সকালে সাভারের থানা রোডে মামুন পার্টি প্যালেস এন্ড কমিউনিটি সেন্টারে দিয়ামনি-ই কমিউনিকেশনের আয়োজনে মেলায় বক্তব্যকালে এ সকল কথা বলেন তিনি।


সংগঠটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব বলেন, উদ্যোক্তাদের উচিত গতানুগতিক চিন্তাভাবনা ও প্রচলিত ব্যবসায়িক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আইডিয়া, উদ্ভাবনী কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগানো। শুধুমাত্র মূলধন থাকলেই সফল উদ্যোক্তা হওয়া যায় না, সঠিক দিকনির্দেশনা, আধুনিক জ্ঞান, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং দূরদর্শী পরিকল্পনাই একজন উদ্যোক্তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে।


তিনি বলেন, উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত একটি সংগঠন হিসেবে দিয়ামনি-ই কমিউনিকেশন শুরু থেকেই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে আসছে। উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও সমস্যাকে সামনে রেখে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে, যাতে তারা সহজেই নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প’ নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে কর্মশালার মাধ্যমে শত শত উদ্যোক্তাকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা পরিচালনা, ব্র্যান্ডিং এবং গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে নিজেদের ব্যবসায় সফলভাবে প্রয়োগ করতে পারছেন।


সবশেষে তিনি বলেন, উদ্যোক্তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, নিয়মিত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে মনোযোগ দেন এবং প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগান, তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। দিয়ামনি-ই কমিউনিকেশন ভবিষ্যতেও উদ্যোক্তাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মেলায় দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ।

এর আগে সকালের দিকে সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদ স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে মেলায় উদ্বোধন করেন "হাল ছেড়োনা বন্ধু'র" প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন।


এসময় বাংলাদেশ হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবি এ্যাড: নার্গিস আহমেদ সেতু,সাভারের মডারেটর মুক্তা খন্দকার ,মামুন পার্টি সেন্টারের স্বত্তাধ্কারী আবদুল্লাহ আল মামুন ,শাম্মী আক্তার ,মুক্তা খন্দকারসহ দিয়ামনি ই কমিউনিকেশনের সাভারের টিম ও গুনীজনবৃন্দ উপস্থিত ছিলেন।


উদ্যোক্তা মেলায় ২৫টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। পণ্যের আকর্ষণীয় উপস্থাপন ও ক্রেতাবান্ধব মূল্য নির্ধারণের কারণে সারাদিনই মেলায় ভিড় লক্ষ্য করা যায়।

দিনের শেষে সর্বোচ্চ বিক্রয়কারী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল স্টল মালিকরা অংশগ্রহণ সার্টিফিকেট পান।

স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি-ই কমিউনিকেশন আয়োজন করেছে এই মেলা, যাতে উদ্যোক্তাদের প্রতিভা ও সৃজনশীলতা স্বীকৃতি পায়। সংগঠনটি নিয়মিতভাবে নির্যাতিত ও নিপীড়িত উদ্যোক্তাদের পুনর্বাসন, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে।

Friday, January 16, 2026

রূপগঞ্জে শীর্ষ মাদক কারবারি আবু হানিফের দেড় কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে শীর্ষ মাদক কারবারি আবু হানিফের দেড় কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৩



রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ মাদক কারবারি আবু হানিফের প্রায় দেড় কোটি টাকার মাদকসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে তানজীদ, একই এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত, রুকুন উদ্দিনের ছেলে রূদুল। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, পাড়াগাঁও এলাকার বদনাম করতেছে এই আবু হানিফ তার মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী কিছুদিন আগে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিলে সে পরদিনই এলাকায় চলে আসে। তার মতো শীর্ষ মাদক কারবারি এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।এটা আমাদের জন্য কষ্টদায়ক। তাকে দ্রুত আইনের আওতায় আনা হউক। 

রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, বেশ কিছুদিন যাবৎ এই চক্রের সদস্যরা পাইকারি ও খুচরা মাদক কারবার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ মাদকের চালান এসেছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ১,৬২১ বোতল ফেনসিডিল, ১০,০০০ পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য দেড় কোটি টাকার মতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।